শিক্ষায় অগ্রগতি ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী
প্রাথমিকে ভর্তির হার বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়ার হার কমে আসায় সন্তোষ প্রকাশ করে শিক্ষাখাতের এ অগ্রগতি ধরে রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্ত্বে তার কার্যালয়ে ‘সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় টাস্কফোর্স কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেন তিনি।
সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সভায় প্রধানমন্ত্রী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) আমরা বাস্তবায়ন করেছি। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখতে নির্দেশ দেয়েছেন তিনি।”
সভায় আলোচনার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, দেশে বর্তমানে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭ দশমিক ৭০ শতাংশ; ২০০৯ সালে যা ছিল ৯৩ দশমিক ৯০ ভাগ।
ভর্তির হার বাড়লেও প্রাথমিক ঝরে পড়া কমেছে। ২০১৪ সালে ঝরে পড়ার হার ২০ দশমিক ৯০ ভাগে নেমেছে; যেখানে ২০০৯ সালে ছিল ৪৫ দশমিক ১০ ভাগ।
আওয়ামী লীগ সরকারের এই ছয় বছরে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণেই এই অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলে টাস্কফোর্স কমিটির সভায় অভিমত এসেছে।
“এটা সম্ভব হয়েছে শিক্ষার সুযোগ সম্প্রসারণের ফলে বিশেষ করে জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুমোদন, পরবর্তীতে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি সরকারিকরণ এবং আরো এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে,” সভায় আলোচনার উদ্ধৃতি দিয়ে বলেন তিনি।
এছাড়া শিক্ষা-সহায়ক পরিবেশ সৃষ্টির কারণে ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া কমেছে বলেও সভার উদ্ধৃতি দিয়ে জানান শামীম চৌধুরী।
সভায় জানানো হয়, স্কুলে মেয়েদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা ও দুপুরের খাবার (মিড ডে মিল) চালুসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী মিড ডে মিল অব্যাহত রাখতে এবং এ কাজে শুধু সরকারের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয়ভাবে তহবিল গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামে মোট ২২৮টি প্রাথমিক স্কুল রয়েছে। উপস্থিতি কম হওয়ার পিছনে স্কুলগুলো দূরে দূরে হওয়া একটা কারণ হতে পারে বলে সেখানে ইতোমধ্যে ১০টি স্কুলকে আবাসিক করা হয়েছে।
পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের সব স্কুল আবাসিক করা হবে বলে সভায় বলা হয়েছে।
জাতীয় টাস্কফোর্স কমিটির উপদেষ্টা শেখ হাসিনা ছাড়াও সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
