২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে পুড়ল ৫ কুরিয়ারের মালামাল  

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আগুন লেগে পাঁচটি আর্ন্তজাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 01:04 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক ইয়াহিয়া আকতার জানান, মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে সিইপিজেডের কুরিয়ার জোনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বেপজা কর্তৃপক্ষ।

আগুনে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস আরামেক্স, ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল ও টিএনটির কার্যালয়ের বিভিন্ন মালামাল ও আসবাব পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

তবে ছুটির দিনে এসব কার্যালয়ে মালামাল কম থাকায় ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।   

সিইপিজেডের মূল ফটকের ঠিক সামনেই পুরনো বেপজা অফিসের বর্গাকৃতি একতলা টিনশেড ভবনের সামনের অংশে ওই পাঁচ কুরিয়ার প্রতিষ্ঠানের কার্যালয়। এ কারণে ভবনটিকে বলা হয় কুরিয়ার জোন। 

ভবনের পেছনের অংশে বেপজার ডরমেটরিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি বলে ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানিয়েছেন।

শিল্প পুলিশের অতিরিক্ত সুপার তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি ছুটির দিন হওয়ায় ওই ভবনের পাশে আর্বজনা পোড়ানো হচ্ছিল। সেই আগুন বৈদ্যুতিক তারে লেগে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইয়াহিয়া আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রান্নার চুলা, ময়লার স্তূপের আগুন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট- নানাভাবেই আগুন লাগতে পারে। তদন্ত করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

ঘটনাস্থলে উপস্থিত অগ্নিনির্বাপক বাহিনীর একজন কর্মী বলেন, বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন ছড়ানোর সম্ভাবনাই বেশি, কারণ টিনশেড ছাদ ও এর নিচের কাঠের পাঠাতনই বেশি পুড়েছে।

বেপজার মহাব্যবস্থাপক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারা ‘দ্রুততম সময়ে’ এ বিষয়ে প্রতিবেদন দেবেন।