২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘ভুয়া’ ডিবি পুলিশ আটক

সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে ডাক বিভাগের এক কর্মচারীকে তুলে নেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সিলেট পোস্ট অফিসের প্রধান কার্যালয়ে এ ঘটনা হয়।

আটক হাবিবুর রহমান (৫৩) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা।

এসআই নজরুল বলেন, বিকালে ডিবি পুলিশ পরিচয়ে পুলিশের পোশাক পরা ৩/৪ জনসহ হাবিবুর রহমান পোস্ট অফিসে এসে পোস্টাল অপারেটর সামছুল হকের শার্টের কলার ধরে টানতে থাকেন।

এ সময় তারা সামছুলের নামে কুলাউড়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে উল্লেখ করেন।

ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশ পরিচয়দানকারী হাবিবুরকে পরিচয়পত্র দেখাতে বলেন তারা।

এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

হাবিবুর পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ডাক বিভাগের পরিদর্শক (শহর) মো. মহিউল ইসলাম সিলেট কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান এসআই নজরুল।