বরিশালে নিরাপত্তাকর্মী-পরিবহন শ্রমিক সংঘর্ষ
ব্যাটারিচালিত অটোরিকশা আটককে কেন্দ্র করে বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে অটোরিকশা মালিক ও শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সোমবার দুপুরে নগর ভবনের সামনে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।
ওসি সাখাওয়াত বলেন, লাইসেন্স ছাড়া ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আটকের লক্ষ্যে নগরীর ফজলুল হক এভিনিউ ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় সিটি কর্পোরেশন।
তারা কয়েকটি অটোরিকশা আটক করলে মালিক ও শ্রমিকরা অভিযানকারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে জড়ায়।
এ সময় লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি সাখাওয়াত।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, নগরীতে চলাচলের জন্য চার ব্যাটারিচালিত অটোরিকশার অনুমোদন দেওয়া হলেও অনেকেই অবৈধভাবে পাঁচ ব্যাটারির অটোরিকশা চালাচ্ছে। এছাড়া অনুমোদন ও নবায়ন ছাড়াও অনেক অটোরিকশা নগরীতে চলছে।
এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের যানবাহন ও লাইসেন্স শাখার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা অভিযান চালালে কতিপয় মালিক-শ্রমিক হামলা চালিয়ে তাদের আহত করে।
এদিকে মাসুম সিকদার নামে এক অটোরিকশা মালিক অভিযোগ করেন, সিটি কর্তৃপক্ষ অবৈধ অটোরিকশা আটকের নামে বৈধ অটোরিকশাও আটক করছিল।
এ ঘটনার প্রতিবাদ জানালে সিটি কর্পোরেশনের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা মালিক-শ্রমিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
