২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের সালিশ বৈঠকে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত নওয়াব আলী খন্দকার (৬৯) রাধাগঞ্জ ইউনিয়নের নারকেলবাড়ি গ্রামের গঞ্জর আলী খন্দকারের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাধাগঞ্জ ইউনিয়নের নারকেলবাড়ি গ্রামে এ ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- নারকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকার, রাজা আলী খন্দকার, খায়রুল খন্দকার ও সেলিম খন্দকার।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সুমন আইচ জানান, নওয়াব আলী খন্দকারের একখণ্ড জমি একই গ্রামের সেলিম খন্দকার জোর করে দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে। এই বিরোধের জের ধরে সেলিম খন্দকারের বাড়িতে বুধবার রাতে স্থানীয়দের নিয়ে একটি সালিশ বৈঠক বসে।

বৈঠক চলাকালে রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এরপর সেলিমের নেতৃত্বে একদল লোক নওয়াব আলীর ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান সুমন।

হামলায় আহতদের মধ্যে আলমগীর খন্দকার ও আলম খন্দকার নামের দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।