নওগাঁয় ছোট যমুনা রক্ষার দাবি
জয়পুরহাট চিনিকলের বর্জ্যের কারণে ছোট যমুনা নদীর পানি দূষণ ও জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুরে শহরের লিটন ব্রিজের মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ‘নদী ও জলাশয় রক্ষা (নজর) কমিটি’ এবং ‘আলোকিত নওগাঁ’ নামে দুটি স্থানীয় সংগঠন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনে নওগাঁ পৌর মেয়র মো. নজমুল হক সনি, নদী ও জলশয় রক্ষা (নজর) কমিটির নওগাঁ জেলা সভাপতি আব্দুল্লা হেল কাফী ও সাধারণ সম্পাদক হাসান জামান সিদ্দিকসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিগত কয়েক বছরের ন্যায় এবারও আখ মাড়াই মওসুম শুরুর পর সম্প্রতি জয়পুরহাট চিনিকলের বর্জ্যে নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি দূষিত হয়ে পড়ে।
এতে প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ নদীর সব মাছ মরে যায় এবং পানির তীব্র দুর্গন্ধ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।
বক্তারা বলেন, প্রতিবছরই জয়পুরহাট চিনি কলের বর্জ্য ছোট যমুনা নদীতে ফেলে নদীর মাছসহ জলজ প্রাণি ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে পানি দূষিত হওয়ায় নদীর উপর নির্ভরশীল মানুষ বিপাকে পড়ে। পাশাপাশি মৎস্যজীবীরা হয়ে পড়ে কর্মহীন।
তাই এ সমস্যা সমাধানে মানববন্ধন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
