বিজয়োল্লাসে মাতোয়ারা চট্টগ্রাম
ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের অবিস্মরণীয় বিজয়ে বন্দর নগরীতে আনন্দ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বিজয় মিছিল বের করে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়।
নগরীল জেলা পরিষদ মিলনায়তনে নগর কমিটির বর্ধিতসভা শেষে সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
এতে দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন।
পরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে গিয়ে মিছিল শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশে মহিউদ্দিন আগামী এক সপ্তাহ নগরীর প্রতিটি ওয়ার্ডে আনন্দ মিচিল করার নির্দেশ দেন।
এদিকে হরতাল ও অবরোধ শিথিল করা বিএনপির কেন্দ্রঘোষিত আনন্দ মিছিলে চট্টগ্রামে দেখা মেলেনি শীর্ষ নেতৃবৃন্দের।
মঙ্গলবার চট্টগ্রাম নগর বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থানা ও ওয়ার্ড ভিত্তিক আনন্দ মিছিলের সংবাদ থাকলেও ছিল না নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মিছিলে অংশগ্রহণের সংবাদ।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ড ও থানাভিত্তিক আনন্দ মিছিলের সংবাদ জানানো হয়।
মহানগর বিএনপির পতেঙ্গা থানা, দক্ষিন পাঠানটুলি ২৮ নং ওয়ার্ড বিএনপি, ২৯ নং মাদারবাড়ি ওয়ার্ড ও ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড আনন্দ মিছিল আয়োজন করে।
অন্যদিকে জাতীয় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগও।
নগরীর প্রধান কার্যালয় থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়ে এ বিজয় মিছিলের নেতৃ্ত্ব দেন মহানগর যুবলীগের আহবায়ক ফরিদ মাহমুদ ও দিদারুল আলম দিদার।
বিজয়ের আনন্দকে ভাগ করে নিতে বিজয় মিছিলের আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
দুপুর আড়াইটার দিকে করপোরেশনের আন্দরকিল্লার প্রধান কার্যালয় থেকে মেয়র এম মনজুর আলমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
