চুয়াডাঙ্গায় স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
ঝিনাইদহ সীমান্তে চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় এক কেজি সোনা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।
এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিকালে জীবননগর এলাকায় এ অভিযান চালায় ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিন মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ওসি সাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে আটটি সোনার বার, সাতটি সোনার পাত ও পাঁচটি সোনার চেইনসহ জসিমকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৮৯৩ গ্রাম। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
