‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে এগিয়ে নারীরা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবছর নারী গ্রাজুয়েটরা সংখ্যার দিক দিয়ে পুরুষদের ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা উল্লেখ করে নাসরীন আহমাদ বলেন, ১৯২১ সালে মাত্র দুইজন নারী শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও সর্বশেষ সমাবর্তনে নারী গ্রাজুয়েটের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি ছিল।
গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে বিভিন্ন পর্যায়ের ছয় হাজার ১০৪ জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়।
এর মধ্যে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫০ শতাংশের বেশি ছাত্রী বলে জানান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা এই নারী।
নোবেলবিজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের দৃষ্টান্ত টেনে বিশেষ অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম বলেন, বই হাতে আর কোনো বালিকা যেন উগ্রপন্থিদের আক্রমণের শিকার না হয়, তা সবাইকে নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাংগোয়েজেস এর অধ্যাপক আরিফা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনাও হয়।
যেখানে অংশ নেন অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ফিরদাউস আজিম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. শিরীন হক ও রুবানা হক।
উদ্বোধনী বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা খান বলেন, লিঙ্গ সমতা কেবল নৈতিক বাধ্যবাধকতা নয়, যে কোনো জাতির উন্নয়নে এটা কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।
ঢাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের আরও বেশি সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার প্রস্তাব দেন তিনি।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
