গাইবান্ধায় স্কুলে হাতবোমা সদৃশ বস্তু
গাইবান্ধা শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার শহরের খানকাহ শরীফ এলাকার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই তিনটি বস্তু পাওয়া যায়।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাজহারুল মান্নান বলেন, রোববার রাতে স্কুলের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয় লোকজন বের হয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা খোলার সময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ঝুলন্ত অবস্থায় একটি ও মাটিতে পড়ে থাকা দুটি হাতবোমা সদৃশ বস্তু দেখতে পায় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী লিটন মিয়া।
পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে ওগুলো উদ্ধার করে বলে জানান তিনি।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, খবর পেয়ে হাতবোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এগুলো লাল স্কচ টেপে মোড়ানো এবং আকারে বেশ বড়।
উদ্ধারকৃত বস্তুগুলো হাতবোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা গাইবান্ধা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলামের বাড়ি থেকে একটি এবং রোববার সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকেও দুটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
