বাগেরহাটে বিএনপি সমর্থক আইনজীবী আটক
বাগেরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি সমর্থক এক আইনজীবীকে আটক করা হয়েছে।
রোববার গভীর রাতে শহরের খারদ্বার এলাকা থেকে কাজী শহীদুল্লাহ (৫০) নামের ওই আইনজীবীকে গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম জানান।
গত ৫ জানুয়ারি বাগেরহাট-খুলনা সড়কের হযরত খানজাহান আলীর মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাছ ফেলে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
ওসি আলী আজম জানান, ওই ঘটনায় হওয়া মামলায় আটক করে শহীদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক আলী রেজাসহ ৩১ জনের নাম রয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপুর অভিযোগ, হয়রানি করতেই পুলিশ শহীদুল্লাহকে আটক করেছে।
দিপুর দাবি, রোববার রাতে পুলিশ তার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবুর বাসায়ও গিয়েছিল।
