‘বিউটিফুল বাংলাদেশ’র বার্লিন জয়
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন মেলা ‘আইটিবি-বার্লিন ২০১৫’ এ সেরা চলচ্চিত্র বিভাগে ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশ পর্যটন বোর্ডের টিভি কমার্শিয়াল ‘বিউটিফুল বাংলাদেশ-ল্যান্ড অব স্টোরিজ’।
রোববার পর্যটন বোর্ডের (বিটিবি) জনসংযোগ কর্মকর্তা আকতার আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্লিনে গত ৫ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান পর্যটন বোর্ডের পক্ষে পুরস্কারটি নেন।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা রহমাতুল মুনিম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী ও বোর্ডের পরিচালক অঞ্জলি রানী চক্রবর্তীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে ২০১৪ সালে এই বিজ্ঞাপন চিত্রটি তৈরি করা হয়েছিল।
