২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিতে আহত হয়েছেন তিন জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 11:10 AM

Updated : 22 Aug 2022, 11:52 AM

শিরখাড়া ইউনিয়নের ঘুনসী গ্রামে শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষ হয় বলে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার এ বি সিদ্দিক জানান।

চরমপন্থীদের তৎপরতার জন্য আলোচিত শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর খান ও স্থানীয় মফিজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল বলে এলাকাবাসী জানায়।  

নিহতের নাম হিরু শেখ (৩৩)। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধরা হলেন- লিমন (২৬), দাদন মাতুব্বর (২৮) ও শাজাহান মৃধা (৩০)। এদের মাদারীপুর সদর হাসপাতাল থেকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসপি সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় ঘুনসী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মজিবর ও মফিজের লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে দুপক্ষ লাঠিসোটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে ধারালো অস্ত্রের আঘাতে মজিবর সমর্থক হিরু শেখ নিহত হন। আহত লিমনও একই দলের হয়ে কাজ করেন। আহত বাকি দুজন মফিজের সমর্থক।     

ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।