রাতে দুই জেলায় পেট্রোল বোমায় দগ্ধ ১৮
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে গাড়িতে পেট্রোল বোমা হামলায় অন্তত ১৮ জন দগ্ধ হয়েছেন।
এর মধ্যে কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ সড়কের সুলতানপুরে বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ১৫ জন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে এর ১৫ যাত্রী দগ্ধ হন।
তাদের মধ্যে ১০ জনকে রাতেই কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মারুফ জানান।
তিনি বলেন, মারাত্মক দগ্ধদের মধ্যে আব্দুল মালেক (৪৫), জাহেদা (৪৫) ও দীপু রায় (২৮) নামে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাতে প্রায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলাকাঁঠাল এলাকায় আলুবোঝাই ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এর চালক ও সহকারীসহ তিন জন।
দগ্ধরা হলেন, চালক ফিরোজ (৩৫), সহকারী সেলিম (৩৫), আলুর মালিক সাহেব আলী (৩৬)।
তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার জালমাতমারি গ্রামে।
ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে আলুর মালিক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
