দোহারে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড
ঢাকার দোহার উপজেলায় মাদক বিক্রির দায়ে দুই যুবককে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে দোহারের ইউএনও মো. নূরুল করিম ভূইয়ার ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেয়।
এরা হলেন নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী গ্রামের মুনসুর আলীর ছেলে সাজু (২৪) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদ (২১)।
দোহার থানার এসআই মাহমুদ জানান, শনিবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে দোহারের ইকরাশী উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ছয় পুরিয়া গাঁজা পাওয়া যায়।
এরপর রোববার দুপুরে ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মাহমুদুল হক।
