২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে পৃথক দুটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এবং জেলা বিশেষ জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার এই দুই মামলার রায় দেন।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মহিব উল্লাহ জানান, কুমিল্লার মেরকোর্ট গ্রামের আবদুর জলিলের ছেলে অটোরিকশা চালক মো. ইয়াকুব হত্যা মামলায় চার ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাইমুড়ি উপজেলার দৌলতপুর  গ্রামের বেলায়েত হোসেন, মো. শাহাজাহান মিরাজ, জাহাঙ্গীর আলম ও নূরুল ইসলাম। এদের মধ্যে জাহাঙ্গীর আলম ও নূরুল ইসলাম পলাতক।

এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১১ সালের ১৮ এপ্রিল রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের তেমোহনী বাজার এলাকায় যাত্রীবেশী চার ছিনতাইকারী অটোরিকশা চালক মো. ইয়াকুবকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছিনতাইকারী বেলায়েত হোসেন ও  মো. শাহাজাহান মিরাজকে আটক করে পুলিশে দেয়। আহত ইয়াকুবকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন অটোরিকশার মালিক হুমায়ুন কবির বাদী হয়ে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী এবিএম শাহজাহান শাহীন জানান, নোয়াখালীর চৌমুহনীর হক লাইব্রেরির মালিক ফজলুল হক ওরফে হক সাহেব হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ছাদু মিয়ার ছেলে দুই আবুল হাশেম (৬১) ও জামাল উদ্দিন (৫২)।  এদের মধ্যে জামাল উদ্দিন পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি আবুল হাশেম ও জামাল উদ্দিন সহযোগীদের নিয়ে চৌমুহনী স্টেশন রোড থেকে ফজলুল হককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ফজলুল হকের বাবা সামছুল হক বাদী হয়ে হাশেম ও জামালকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আবুল হাশেমকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) হত্যার পর লাশ গুম করা হয়েছে জানিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।