২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হেলালের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের আচরণের নিন্দা

জাতীয় দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিনের সঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান অসৌজন্যমূলক আচরণ করেছেন অভিযোগ করে তার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এক যৌথ বিবৃতিতে এজন্য এনবিআর চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে।

বুধবার ডিআরইউ ও ইআরএফের ওই বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবার  এনবিআর আয়োজিত সংবাদ সম্মেলনে নজিবুর রহমান যুগান্তরের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিনের সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করেছেন। নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে এনবিআর চেয়াম্যানের এই দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় আক্রমণ গোটা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ব্যথিত করেছে।

“এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে এমন আচরণ মোটেই কাম্য নয়। তার এ ধরনের আচরণ সরকারি চাকুরি বিধিমালারও লংঘন।”

এনবিআরের মত  গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের এই আচরণ ‘মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়’ বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার জন্য  রোববার পর্যন্ত সময় দেয়া হল। এ সময়ের মধ্যে  নিঃশর্ত ক্ষমা ও তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে আগামী সোমবার সংগঠন দুটির যৌথ সভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”