ওষুধের দাম বাড়ানোর বৈধতা জানতে চায় হাই কোর্ট
জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানো ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আছে কি না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
জীবন রক্ষাকারী ওষুধের বাজার মূল্য ও অনুমিত মূল্য উল্লেখ করে মূল্য বৃদ্ধির হার ও বৃদ্ধির অনুমতি আছে কি না, তা উল্লেখ করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের মহাপরিচালককে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাত দিনের মধ্যে ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিলকে এই সব ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া গেজেট আদালতে জমা দিতে বলা হয়েছে।
গেজেট করা না হলে আইন অনুসারে তা না করার কারণ এভিডেভিট আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ওষুধের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ভোক্তা অধিকার পরিদপ্তর ও ঔষধ প্রশাসন পরিদপ্তরের ৫ বছরের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছে আদালত।
ভোক্তা অধিকার পরিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালককে এই প্রতিবেদন দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি করে গত ১২ জানুয়ারি হাই কোর্ট এ বিষয়ে রুল দেয়। রুলে মূল্য বৃদ্ধিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
পাশাপাশি ড্রাগ নিয়ন্ত্রণ কমিটির তালিকা সাত দিনের মধ্যে আদালতে দিতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় নতুন করে বিবাদীকে সাত দিন সময় দেওয়া হয়।
