২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার সনদ বাতিলের দাবি চবি শিক্ষক সমিতির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  (চবি) দেওয়া মাহমুদুর রহমান মান্নার সনদ বাতিলের দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে ফাঁস হওয়া মান্নার ফোনালাপ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ে।

“এ থেকে প্রমাণিত হয় যে, জনবিচ্ছিন্ন এ সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা গণতন্ত্রের মুখোশ পরে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের সেই পুরনো খেলায় এখনও তৎপর।”

মান্নার শাস্তি দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, “শিক্ষাঙ্গনে হত্যাকাণ্ড ঘটানোর প্ররোচনাকারী মান্নার মতো ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জেনে আমরা লজ্জিত।

“মান্নার সকল সনদ অবিলম্বে বাতিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে লজ্জা ও কলঙ্কমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্মাতক ডিগ্রিধারী মান্না তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে ১৯৭২ সালে চাকসুর জিএস নির্বাচিত হন।

এদিকে ফোনালাপ প্রকাশের পর মঙ্গলবার চাকসুর অনার বোর্ড থেকে মান্নার নাম মুছে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মান্নার কুশপুতুল দাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা বুধবার বিকালে ক্যাম্পাসের রেল স্টেশন এলাকায় মান্নার কুশপুতুল পোড়ানোর পাশাপাশি তার শাস্তির দাবিতে সমাবেশ করেন।

সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এবং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা একজন মানুষ বিশ্ববিদ্যালয় ছাত্রদের লাশ চাইবেন তা মেনে নেওয়া যায় না।

সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মান্নার সনদ বাতিলের দাবিও জানান তারা। 

সমাবেশে ছিলেন ছাত্রলীগকর্মী এনামুল হক আরাফাত, ইকবাল হোসেন টিপু, এম শাহরিয়ার শাহিন, শরীফুল ইসলাম, আবীর আবরার, মিনহাজুল ইসলাম, ইমরান সরকার, ফজলে রাব্বি রিফাত, মুমিনুল হক প্রমুখ।