গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৪০ শ্রমিক আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শ্রমিকবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক নিয়ে কেপি সার্ভিসের বাসটি কোনাবাড়ি থেকে কালিয়াকৈরে কারখানার দিকে যাচ্ছিল। পথে চন্দ্রা এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালক ও তার সহকারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসাপতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায় এলাকাবাসী।
দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে বলেও জানান তিনি।
