সীতাকুণ্ডে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আনুমানিক ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি অটোরিকশার ধাক্কায় মহাসড়কে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের সামনে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার পরনে লাল শার্ট ও লুঙ্গি ছিল বলে জানান হাসপাতাল ফাঁড়ির এ পুলিশ সদস্য।
