সিরাজগঞ্জে পেট্রোল ঢেলে পণ্যবাহী ট্রাকে আগুন
সিরাজগঞ্জে সিরামিক পণ্য তৈরির কাঁচামাল বোঝাই একটি ট্রাক ভাংচুরের পর তাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার মেরিন একাডেমির সামনে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কে ওই ঘটনায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত কিংবা পণ্যের কোনো ক্ষতি হয়নি বলে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান।
ট্রাকচালক জিলাল হোসেন বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরীতে যাওয়ার পথে দুর্বৃত্তরা প্রথমে ট্রাকে ঢিল ছুড়ে থামিয়ে ভাংচুর শুরু করে।
“আমরা সবাই ট্রাক থেকে নেমে পড়লে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নেভান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ করছে বিএনপি-জামায়াত জোট। অবরোধে দেশের বিভিন্ন গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে হতাহতের ঘটনা ঘটছে।
