সেনা উসকানির মামলায় মান্না
সশস্ত্র বাহিনীকে উসকানির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে, যিনি ফাঁস হওয়া অডিও ক্লিপে সেনা হস্তক্ষেপে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন।
সংলাপে যেতে ওয়ান ইলেভেনের হুমকি দিয়ে আলোচিত এই রাজনীতিক ওই ক্লিপ ফাঁস হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন।
মঙ্গলবার ভোররাতে আটক হলেও পুলিশ ও গোয়েন্দা বাহিনী আটকের খবর অস্বীকার করতে থাকলে তার পরিবার, নাগরিক ঐক্য ছাড়াও বিএনপি উদ্বেগ প্রকাশ করে খোঁজ চেয়ে বিবৃতি দেয়।
পরে রাত সাড়ে ১২টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। হস্তান্তরের পরপরই জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেনাল কোডের ১৩১ ধারায় গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই ধারায় সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে উসকানির কথা বলা হয়েছে।”
গুলশান থানার এসআই সোহেল রানার করা এই মামলায় অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
সশস্ত্র বাহিনীতে বিদ্রোহ সংঘটনে কেউ উসকানি দিলে বা এই ধরনের কোনো কর্মকর্তা, নাবিক বা এয়ারম্যানকে তার আনুগত্য বা দায়িত্ব থেকে প্ররোচিত করার চেষ্টা করলে তার শাস্তির জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে সম্পর্কিত অপরাধ বিষয়ক দণ্ডবিধির সপ্তম অনুচ্ছেদের ১৩১ ধারা প্রযোজ্য হবে।
এই ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপের ভিত্তিতে রোববার প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দুটি অডিওর একটিতে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে টেলিফোন সংলাপে সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেন মান্না।
সংলাপের এক অংশে অজ্ঞাত এক ব্যক্তি কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার আগ্রহ দেখালে মান্নাকে বলতে শোনা যায়, “জুনিয়র সিনিয়রতো একটা ব্যাপার আছে।তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ যারা। অ্যান্ড হু আন্ডারস্ট্যান্ড হু নো, এ রকম হলে ভালো।
“মানে যার সাথে শেয়ার করা যাবে, যিনি আমাকে এনলাইটেন করতে পারবেন এবং মে বি আমিও তাকে বুঝতে পারবো, বোঝাতে পারবো।”
বামপন্থি ছাত্র সংগঠনের নেতা হিসেবে ডাকসুর দুই বারের নির্বাচিত ভিপি মান্না আওয়ামী লীগে যোগ দিয়ে সাংগঠনিক সম্পাদক হলেও ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হয়ে কর্মীদের রোষের মুখে পড়েছিলেন।
পরে আওয়ামী লীগের পদ হারিয়ে নাগরিক ঐক্য নামে সংগঠন গঠন করেন মান্না।
