সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
চাঁদা না পেয়ে গুলি করে এক একটি হাসপাতালের কর্তাব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা সাহিনের বিরুদ্ধে মামলা করেছেন বাবর রোডের কাশমী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সোহেল।
তবে সোমবার মধ্যরাতের এই ঘটনার বিষয়ে করা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ওই ছাত্রলীগ নেতা।
বাবর রোডে পাঁচতলা ভবনের নীচতলা এবং দোতলায় হাসপাতাল, বাকি তিনতলা আবাসিক। সোহেল তিনতলায় থাকেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহিন প্রায় দুইমাস আগে তার কাছে এককালীন ৫ লাখ এবং প্রতিমাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল, না দেওয়ায় হুমকি দিত।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে ভবনের মূল গেটে ধাক্কধাক্কি এবং তার নাম ধরে ডাকাডাকির শব্দ শুনে নীচে নেমে এসে দেখেন গেটের বাইরে সাহিন দাড়ানো এবং আগের দাবি করা ৫ লাখ টাকা দাবি করে গেট খুলতে বলছে।
“গেট খুলে না দেওয়ায় সাহিন এক দুই তিন বলে ওই ফাঁকা অংশ দিয়ে অন্তত ১০ রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়।”
এদিকে গুলির শব্দ শুনে পাশে টহলরত মোহাম্মদপুর থানা পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহিনসহ দুইজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে সাহিন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহলে এলাকার ছোট ভাই। তার সাথে কোন বিরোধ নাই।
“তবে সে নানা পেশার মানুষের সাথে গভীর রাত পর্র্যন্ত আড্ডা দেয়। এই আড্ডাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে।”
ডিশ ব্যবসা ছাড়াও সাহিনের ‘শাহ আলী সিকিউরিটি সার্ভিস’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
