শিশুদের ওপর সহিংসতার প্রভাবে উদ্বেগ
শিশুদের ওপর চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ বলেন, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য আর সার্বিক কল্যাণের উপর তাৎক্ষণিকক প্রভাবের বাইরেও আমরা শিশুদের উপর সহিংসতার মানসিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ভয়ের পরিবেশে বাস করে তারা সহিংসতার সংস্পর্শে অনেকভাবে বদলে যেতে পারে ।
“নিরবচ্ছিন্ন ভীতি আর এই ভীতির সাথে মানিয়ে নেওয়ার স্নায়বিক ও শারীরবৃত্তীয় প্রচেষ্টা শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে আর ক্ষতিগ্রস্ত করে তাদের শারীরিক, আবেগিক, আচরণগত, বুদ্ধিবৃত্তিক আর সামাজিক কার্যকারিতা।”
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বছরের শুরু থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল বা অবরোধজনিত সহিংসতায় ১১ জন শিশু নিহত এবং ১২ জন শিশু আহত হয়েছে। অপরদিকে রাজনৈতিক র্যালি এবং যানবাহনে আক্রমণে শিশুদেরকে ব্যবহার করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থায় সহিংসতার ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দেড় মাস ধরে স্কুলগুলো রবিবার থেকে বৃহস্পতিবার বন্ধ থাকছে। এতে করে শিশুরা ক্লাস করতে পারেনি এবং অনেক শিশুর পরীক্ষা পিছিয়েছে বারবার।
বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, “নিরবচ্ছিন্ন সহিংস পরিবেশে বাস করা শিশুদের সহিংস হয়ে উঠার সম্ভাবনাও অনেক বেশি। বিশেষ করে ছোট শিশুরা ক্রমাগত সহিংসতার মধ্যে থেকে আত্মরক্ষার কৌশল হিসেবে নিজেরাই সহিংস হয়ে উঠতে পারে।
“মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস হারিয়ে ফেললে তারা এমনকি চরমপন্থার দিকেও ঝুঁকে পড়তে পারে।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেভ দ্য চিলড্রেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বিদ্যমান সংকটের সাথে সম্পৃক্ত সকল পক্ষ শিশুদের সহিংসতার শিকার হওয়া এড়াতে যথেষ্ট ভূমিকা রাখছে না। বরং শিশুদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একরকম দুঃখজনক ঔদাসীন্য পরিলক্ষিত হচ্ছে।
“আমরা চলমান সংকটের সাথে সম্পৃক্ত সকল পক্ষের কাছে আহ্বান জানাই, যেন তারা সকল শিশুর শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং তাদের শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করেন।”
