২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ অগাস্ট মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 10:56 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নূর উদ্দিনের কাছে জবানবন্দি দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. কামরুল হাসান সরকার ও নরসিংদী জেলার অতিরিক্ত দায়রা জজ শাহিন উদ্দিন।

নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে বসে বিচারক তাদের সাক্ষ্য নিয়ে আগামী ৩ ও ৪ মার্চ অবশিষ্ট সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

এ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার ৪৯১ জন সাক্ষীর মধ্যে ১১২তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।”

আবদুল্লাহ জানান, সাক্ষী কামরুল হাসান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মরত থাকাকালীন ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত ২৪ জনের মধ্যে সামসুদ্দিন, লিটন মুন্সি, আবুল কালাম আজাদ, আমিনুল ও অজ্ঞাত এক ব্যক্তির লাশের ময়নাতদন্ত করেছিলেন।

এছাড়া শাহিন উদ্দিন ঘটনার সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মহানগর হাকিম ছিলেন। সে সময় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি।

সে বিষয়ের তারা মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন বলে জানান আবদুল্লাহ।

এ মামলায় জামিনে থাকা খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সিআইডি’র সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডি’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার  মুন্সি আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম মঙ্গলবার আদালতে হাজির ছিলেন।

এছাড়া সাবেক মন্ত্রী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৫ জন কারাগারে আছেন।

তবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ ১৯ জন আসামি এখনো পলাতক।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক তিনটি এজাহার দায়ের করেন।