২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানীতে ৩২ রোগীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৩২ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা তদন্ত রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ ফেব্রুয়ারি এ হাসপাতালে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়।

এ ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটিই রিপোর্ট জমা দেয়। 

একই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়াকে প্রধান করেও একটি কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডা. আব্দুস সবুর জানান, ১৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি ওই প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেয়। এরই মধ্যে প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তবে প্রতিবেদনে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে সরাসরি কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়নি বলে জানান তিনি।

প্রতিবেদনে জনবল সংকট, হাসপাতালের স্থান বাড়ানো, শিশু ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) স্থাপন, রোগীদের সেবায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের কর্তব্যে অবহেলা, অব্যবস্থাপনা, রোগীদের স্থান সঙ্কুলান না হওয়া, জনবল সংকটসহ বেশকিছু কারণ উল্লেখ করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত ওই কমিটির সদস্যরা গত ১১ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন।

তবে সাত দিনের মধ্যে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনও দাখিল করতে পারেনি।