২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরের মধ্যেই প্রবাসীদের এমআরপি

বিদেশে অবস্থানরত ৯০ লাখের বেশি বাংলাদেশি কর্মীকে নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আরব আমিরাত, সৌদি আরব ও মালয়েশিয়ায় আউটসোর্সিং ও দূতাবাসের মাধ্যমে সেখানে অবস্থানরত কর্মীদের এমআরপি দেওয়া হচ্ছে।

এই কাজকে গতিশীল করতে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যে এমআরপি দেওয়া সম্ভব হবে।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরের পর থেকে সনাতন পদ্ধতির পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রী জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১৭ জন।

২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মালয়েশিয়ায় জি টু জি প্রক্রিয়ায় ২ হাজার ১১১ জন কর্মী পাঠানো হয়েছে বলে সংসদে জানানো হয়।   

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানিখাতে মোট ২ লাখ ৩৪ হাজার ৬১১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে। অন্যদিকে আমদানি খাতে ব্যয় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৫৭২ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে তৈরি পোশাক শিল্পখাতে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের অর্থবছরে এর হার ছিল ৯৯ দশমিক ৯০ শতাংশ।

২০১৩-১৪ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি করে আয় হয়েছে ২৪ হাজার ৪৯১ মিলিয়ন মার্কিন ডলার। তার আগের অর্থবছরে এই আয় ছিল ২১ হাজার ৫১৫ মিলিয়ন মার্কিন ডলার।