চট্টগ্রামে পেট্রোল বোমাসহ যুবদলকর্মী গ্রেপ্তার
২০ দলের অবরোধ-হরতালে নাশকতার মধ্যে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রামে যুবদলের এক কর্মী পেট্রোল বোমাসহ গ্রেপ্তার হয়েছেন।
পাহাড়তলীর সাগরিকা রোড থেকে তিনটি পেট্রোল বোমাসহ ওই যুবককে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মোহাম্মদ শাহ নেওয়াজ (২২) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণবাটি গ্রামের শিকদার বাড়ির বাসিন্দা মো. শাহাবউদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ বলেন, “পাঠান পাড়ায় অভিযান চালিয়ে শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি পেট্রোল বোমা ও এক লিটার পেট্রোলও উদ্ধার করা হয়।”
জিজ্ঞাসাবাদে শাহ নেওয়াজ নিজেকে বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যুবদলকর্মী হিসেবে পরিচয় দিয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
