২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা

মুসলিম লীগ নেতা ‘পলাতক’ আব্দুল জব্বারের যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 10:18 AM

Updated : 12 Oct 2022, 03:19 PM

যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আদালত এলাকায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল সালাম জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকেই বিপুল সংখ্যক পুলিশ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

আদালত এলাকায় পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছেন র‌্যাব সদস্যরাও। ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে তারা অবস্থান নিয়েছেন।

সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে জাতীয় পার্টির সাবেক নেতা জব্বারের বিরুদ্ধে।

পাকিস্তান আমলে মুসলিম লীগ নেতা জব্বার মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।

তার নেতৃত্বে মঠবাড়িয়ায় হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করার মতো অপরাধ সংঘটিত হয় বলে প্রসিকিউশনের অভিযোগ।

স্বাধীন বাংলাদেশে জাতীয় পার্টির টিকিটে মঠবাড়িয়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন জব্বার। আনুমানিক ৮০ বছর বয়সী এই প্রকৌশলী বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে।