চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
বাগেরহাটের রূপসায় নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকবর আলী শেখ (২৫) ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবজাল শেখের ছেলে।
রোববার সকালে রুপসা উপজেলার জাবুসা এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কের রাস্তার পাশের একটি খুলনার একটি ডোবায় লাশটি পাওয়া যায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রূপসা থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, গত ১৯ ফেব্রুয়ারি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আকবর আলী শেখ।
এ ঘটনায় তার বাবা আবজাল শেখ ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার সকালে ডোবায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আকবরের ইজিবাইকটি পাওয়া যায়নি। শ্বাসরোধে তাকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবজাল শেখ বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।
