মদনে শহীদ মিনারে সংঘর্ষে জড়াল বিএনপির দুপক্ষ
একুশের ভোরে নেত্রকোণার মদন উপজেলায় শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে।
তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ সেকুল ও পৌর বিএনপির সদস্য পুতুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মদন বাজারের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় হাতাহাতি দিয়ে ঘটনার সূত্রপাত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ঘটনার জের ঘণ্টাখানেক পর শহরের জাহাঙ্গীরপুর এলাকায় উপজেলা বিএনপির সভাপতি এন আলমের সমর্থক ছাত্রদল নেতা সাইফুদ্দিন আহম্মেদ সেকুলকে কুপিয়ে আহত করে বিএনপি নেতা ফজলে এলাহী গ্রুপের কর্মীরা। স্থানীয়রা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খবর পেয়ে এন আলমের সমর্থক নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে উভয় গ্রুপের পাঁচ শতাধিক নেতাকর্মী সংঘর্ষে জড়ায়। এসময় পুতুল মিয়াসহ অন্তত ২২ জন নেতাকর্মী আহত হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেকুল ও পুতুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান, এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
