২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশেতে শহীদ মিনারে যাতায়াতের পথ নির্দেশিকা

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের পথ নির্দেশিকা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 05:37 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

শুক্রবার রাত ৮টা থেকে এই পথ নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

নির্দেশিকা অনুযায়ী, শহীদ মিনারে যেতে টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশের রাস্তা, উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ।

শহীদ মিনার থেকে ফেরার পথে শুধু বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর এবং পেছনের রাস্তা দিয়ে চাঁনখারপুল হয়ে বের হওয়া যাবে। তবে এ পথে শহীদ মিনারের দিকে আসা সর্ম্পূণ বন্ধ থাকবে।

নির্দেশিকা অনুযায়ী শহীদদের শ্রদ্ধা জানাতে আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে যারা আসবেন তারা দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

শহীদদের কবর জিয়ারতের পর কবরস্থানে দক্ষিণ দিকের মূল গেইট দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবী আইসক্রীম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়েও শহীদ মিনারে যাওয়া যাবে।

চাঁনখারপুল এলাকার দিক থেকে যারা শহীদ মিনারে যাবেন তারা বকশিবাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে যেতে পারবেন।

এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভিভিআইপি ও সাধারণ মানুষ যাতে এই জাতীয় দিবস নির্বিঘ্নে পালন করে নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”

রাষ্ট্রপতি রাত ১২টা ০১ মিনিটে ও প্রধানমন্ত্রী রাত ১২টা ০২ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করবেন।

বাংলাদেশ সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাত ১২টা ০৭ মিনিটে শ্রদ্ধা জানানোর পর সংসদে বিরোধী দলসমূহ ও জনসাধারণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে সম্মেলন থেকে জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ মিনারে আসলে পুলিশ তারও নিরাপত্তা দেবে বলে জানান মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান।

তিনি জানান, দর্শনার্থীদের পলাশী মোড় দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে শ্রদ্ধা জানানোর পর দোয়েল চত্বর ও চাঁনখারপুল দিয়ে বের হতে হবে। নিরাপত্তার স্বার্থে শহীদ মিনার সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ কাজ করবে।