২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য সিএসআর নীতিমালা হচ্ছে

শিশুদের জন্য সামাজিক দায়বদ্ধতা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 11:35 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

ইতিমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই নীতির খসড়া প্রস্তুত করেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে শ্রম প্রতিমন্ত্রী বলেন,“ খসড়া প্রস্তুত হয়েছে। অচিরেই তা চূড়ান্ত করা হবে। নীতি প্রণয়নের পর জাতীয় সিএসআর সম্পর্কিত একটি আইনও প্রণয়ন করা হবে।”

সেমিনারে জানানো হয়, এই নীতির প্রধান উদ্দেশ্যগুলো হলো – সুবিধা বঞ্চিত শিশুদের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করা, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক উভয়ক্ষেত্রে শিশু কিশোরদের জন্য একই মানের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বাস্তবায়ন করা এবং সর্বোপরি শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

‘শিশুদের জন্য জাতীয় সিএসআর নীতি’ শীর্ষক এক সেমিনারে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।

এতে বক্তব্য রাখেন সেভ দ্যা চিল্ড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রা, ইউরোপীয় ইউনিয়নের মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের শিক্ষা উপদেষ্টা লায়লা বাকি ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এনামুল হক।