সকল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি
সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা বিষয়ক পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় চাকমা, মারমা ও ত্রিপুরা ছাত্রছাত্রীদের পৃথক পৃথকভাবে নিজ নিজ মাতৃভাষায় প্রতীকী ক্লাস নেওয়া হয়।
পিসিপির দাবিগুলো হলো পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, জাতিসত্তার প্রতি যেকোনো অবমাননাকর বক্তব্য পাঠ্য পুস্তক থেকে বাদ দেওয়া, পাহাড়ি জাতিসত্তার সঠিক ও সংগ্রামী রাজনৈতিক ইতিহাস সম্বলিত পুস্তক পাবর্ত্য চট্টগ্রামের স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক পুস্তক বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুভুক্ত করা ও পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বনির্ভর এলাকায় সমাবেশে শেষে ছাত্র-ছাত্রীদের একটি মিছিল বের হয়। মিছিলটি চেংগী স্কোয়ার গেলে পুলিশ বাধা দেয়।
এ সময় মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে আসতে চাইলে দুপক্ষের ধাক্কাধাক্কি হয়।
পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
এর আগে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফর জেলা সদস্য অলকেশ চাকমা।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
২০০০ সালে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি), ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এবং ওঁরাও ছাত্র সংগঠন একত্রিতভাবে ঢাকায় এক সমাবেশের মাধ্যমে সকল জাতিসত্তার স্ব-স্ব মাতৃভাষার স্বীকৃতির দাবি জানায়।
এরপর ২০০২ সালে পাহাড়ি ছাত্র পরিষদ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মনি স্বপন দেওয়ান ও শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের কাছে এবং ২০০৩ সালে তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।
এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপিকে চিঠি দেওয়া হলেও দাবি বাস্তবায়ন করা হয়নি।
২০১৩ সালে সরকারের পক্ষ থেকে ৬টি জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু আজও এ ঘোষণার বাস্তাবায়ন হয়নি।
