২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতায় মদদদাতারা সনাক্ত: আইজিপি

চলমান হরতাল-অবরোধে নাশকতায় যারা অর্থ ও মদদ দিচ্ছেন, তাদের আইনশৃঙ্খলাবাহিনী চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বুধবার উত্তরায় র‌্যাব সদরদপ্তর পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “চিহ্নিতদের মধ্যে অনেককেই গ্রেপ্তার করে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে কারা মদদ দিচ্ছে আর এদের মধ্যে কাদের গ্রেপ্তার করা হয়েছে- সে বিষয়ে কোনো তথ্য দেননি পুলিশ প্রধান।

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালে পেট্রোল বোমা ও হাতবোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন  নিহত ও  ৫৫৬ জন আহত হয়েছেন বলে সরকারের তথ্য।

এ সময় ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে; ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। এছাড়া রেলপথে নাশকতার ২৫টি ও নৌপথে ছয়টি ঘটনা ঘটেছে।

যানবাহনে অগ্নিসংযোগকারী, বোমাবাজ ও মদদদাতাদের ধরিয়ে দিতে গতমাসেই আলাদাভাবে পুরস্কার ঘোষণা করেছে সরকার, পুলিশ, র‌্যাব ও রেল কর্তৃপক্ষ। সারা দেশে অসংখ্য মামলা হয়েছে, যার মধ্যে চারটিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে করা হয়েছে হুকুমের আসামি।    

বর্তমানে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে মন্তব্য করে শহীদুল হক বলেন, “ফৌজদারি অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের জানমালের ক্ষতি করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না।”

বিএনপি চেয়ারপারসন খালেদাকে গ্রেপ্তার করা হবে কী না- জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, “মামলাগুলো যারা তদন্ত করছে তারাই এ বিষয়ে বলতে পারবে। কাউকে তারা গ্রেপ্তারের জন্য যদি প্রয়োজনীয় তথ্য পায় এবং গ্রেপ্তার করতে চায় তাহলে তারা আমাদের সহযোগিতা চাইলে পাবে।”

হরতাল-অবরোধে নাশকতা দমনের নামে পুলিশি হয়রানির অভিযোগ নিয়েও সাংবাদিকরা আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে শহীদুল হক বলেন, “আইন-শৃঙ্খলাবাহিনী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

র‌্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করে আগামীতেও এ বাহিনী জনগণ ও দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।