নোয়াখালীতে ভূমি অফিসে আগুন, নথি ভস্মীভূত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা বলেছে কর্তৃপক্ষ।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাবাড়িয়া এলাকায় চৌমুহনী-ফেনী সড়কের পাশে অবস্থিত এ ভূমি অফিসে আগুন লাগে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।
বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, "আগুনে অফিসে থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, একটি কম্পিউটার ও তিনটি আলমিরা সম্পূর্ণ পুড়ে গেছে।"
অফিসের একটি জানালার কাচ ভাঙা থাকায় বাইরে থেকে কেউ আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে এই সরকারি কর্মকর্তা জানান।
এদিকে ঘটনাটি নাশকতা না কি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন।
