নেত্রকোণায় হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
নয় বছর আগে প্রতিবেশীকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালত।
এ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আসামি খোকন মীর (৩০) নেত্রকোণার মদন উপজেলার আলমশ্রী গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সুভাষ বণিক অজয় জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আলমশ্রী গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। খোকন তার প্রতিবেশী অহেদ মীরের (৬৫) বাড়িতে ঢুকে বল্লমের আঘাতে তাকে হত্যা করে।
নিহতের ছেলে মদন রাতেই থানায় মামলা দায়ের করেন। পরের বছর ২২ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
নিহত অহেদ ও সাজাপ্রাপ্ত খোকনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল বলে আইনজীবী সুভাষ জানান।
