চবি ছাত্রলীগের ৬২ নেতাকর্মী কারাগারে
দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আটক ছাত্রলীগের ৬২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম আদালতের পরিদর্শক অনুমং মার্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে ২২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে।
গোলাগুলিতে ছাত্র নিহতের পর দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রলীগের এক পক্ষ শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ গ্রুপের কর্মীরা রোববার সকাল ৬টার দিকে শাহজালাল হলে গেলে ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়।
শাহজালাল হলে ‘ভিএক্স’ কর্মীরা প্রবেশ করেছে খবর পেয়ে পাশ্ববর্তী শাহ আমানত হলে থাকা ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা সেখানে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এসময় উভয় পক্ষকে নিভৃত করতে পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
সংঘর্ষ চলাকালীন সময়ে সিএফসি কর্মীদের হামলায় ইংরেজি বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল খান ও বাংলা বিভাগের ছাত্র কাউছার মিয়া আহত হয়, যারা দুজনই তাপস হত্যা মামলার আসামি।
দিনভর উত্তেজনার পর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে অভিযান চালিয়ে ৬০ জন এবং আহত দুজনকে আটক করে পুলিশ।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ৬০ জনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া কাউছার মিয়া ও সোহেল খানের বিরুদ্ধে মামলা থাকায় তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ক্যাম্পাসে বুদ্ধিজীবী দিবসে উভয় পক্ষের গোলাগুলিতে তাপস সরকার নামে সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়, যাকে ভিএক্স কর্মীরা নিজেদের পক্ষের বলে দাবি করে। হত্যাকাণ্ডের পর থেকে ক্যম্পাস ছাড়া হয় ভিএক্স গ্রুপের কর্মীরা।
শিক্ষকদের সাথে অসদাচরণের ঘটনায় তদন্ত কমিটি
রোববার সংঘর্ষ চলাকালীন শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের প্রাণনাশের হুমকি এবং প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে তালা লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করবে এ কমিটি।
আইন অনুষদের ডিন আব্দুল্লাহ আল ফারুককে প্রধান করে কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুবকে।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন- এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এস এম মনিরুল ইসলাম ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক মো. রাশেদ-উন-নবী।
