২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সরকারি কার্যালয়ের নথিপত্র ভস্মীভূত

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আগুনে বিপুল পরিমাণ নথি ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।  

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 05:04 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল আলম জানান, বুধবার রাত ২টার দিকে শোলমারা এলাকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তার অফিসের একটি কক্ষে আগুন ধরে।

পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ওই কক্ষের একটি ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায় এবং ভিতরের মেঝে থেকে একটি খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

ভেন্টিলেটরের ভাঙা অংশ দিয়ে ক্যানের সাহায্যে দাহ্য পদার্থ নিক্ষেপের মাধ্যমে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপন করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান তিনি।

অফিস সহকারী আলাউদ্দিন আহমেদ জানান, দরজা-জানালা বন্ধ করে গতকাল অফিস ত্যাগ করেন তিনি এবং এগুলো ওভাবেই রয়েছে।

মাত্র কিছুদিন আগে নতুন ভেন্টিলেটর লাগানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মকবুল হোসেন জানান, কী কারণে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

তবে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল আলম বলেন, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো আলামত নেই এখানে।

একই মতামত দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম।