জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০
জামালুপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, বৃহস্পতিবার শ্যামপুর ইউনিয়নের বালুরচর গ্রামে ব্রহ্মপুত্র নদের একটি চরে এ সংঘর্ষ হয়।
আহতদের মেলান্দহ ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নাসিমুল বলেন, বালুরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরের জমি নিয়ে স্থানীয় মোল্লা গোষ্ঠী ও বলদা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বুধবার নাগর বলদার লোকজন চরের জমিতে বোরোর চারা রোপন করে।
বৃহস্পতিবার সকালে কদু মোল্লার লোকজন ওই জমিতে পুনরায় চাষ দিয়ে বোরোর চারা রোপন করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি নাসিমুল।
আহতদের মধ্যে রয়েছেন তোফাজ্জল হোসেন (৫০), ফজলুল হক (৬২), মন্টু (৩৫), সাহেব আলী (৬০), নাগর আলী বলদা (৪৬), সারোয়ার হোসেন (৪৬), বাবুল মিয়া (৪০), হাবিবুর রহমান (৩৩), গোলাপ আলী (৩৮), সোহেল রানা (৩০), সাদা মিয়া (৩০), আব্দুস সালাম (৪৪), আব্দুল ওয়াদুদ (২৮) ও বেলাল হোসেনের (৩২)।
