নোয়াখালীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মো. হানিফ (৩০) চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুরের প্রয়াত আবুল খায়েরের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, বৃহস্পতিবার সকালে অম্বরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
"সকালে ইরি ধানের ওই ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশের পাশে তার অটোরিকশাটিও পাওয়া গেছে।"
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি সামাদ।
