ফতুল্লায় পিস্তলসহ তিন 'অস্ত্র বিক্রেতা' আটক
নারায়ণগঞ্জ সদরে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটকের পর পুলিশে দেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ অবায়েদ উল্লাহ।
আটকরা হলেন- ইমরান (২০), শাকিল (১৩) ও আল আমিন (১২)। তিনজনই ঢাকার দক্ষিণ বাড্ডার দারোগা বাড়ি মোড় এলাকায় বসবাস করে বলে পুলিশকে জানিয়েছে।
ইমরানের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানান ওসি আসাদুজ্জামান।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ বলেন, ইমরান এক সময় ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করত। ওই সময় মাইদুল নামে তার এক বন্ধু ছিল। বুধবার দুপুরে দুই কিশোর নিয়ে ইমরান বাড্ডা থেকে একটি পিস্তল বিক্রির জন্য ফতুল্লায় আসে।
"মাইদুল পিস্তল কেনার বিষয়টি চিন্তা ভাবনা করার জন্য সময় চেয়ে ঘটনাটি আমাকে জানায়। আমি কিনব বলে জানালে মাইদুল আমার কাছে তাদের নিয়ে আসে।"
এ সময় পিস্তুল বের করে দেখানোর সময় আশপাশের লোকজন ডেকে তাদের তিনজনকে আটক করে থানায় খবর দেওয়া হয় বলে জানান এ সাংবাদিক নেতা।
