রাবিতে হাতবোমা উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের মূল ফটকের সামনে হাতবোমাটি পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিরাজী ভবনের গেটের পাশে কয়েকজন শিক্ষার্থী হাতবোমাটি পড়ে থাকতে দেখে বিষয়টি প্রশাসনকে জানালে তা পুলিশকে জানানো হয়।
পুলিশ হাতবোমাটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।
তিনি বলেন, কে বা কারা হাতবোমাটি ওখানে রেখেছিল তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।
তবে ক্যাম্পাসে আতঙ্ক ছড়াতেই হাতবোমাটি সেখানে রাখা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, বলেন তিনি।
