২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ‘নির্দয়’ পিটুনি

গৃহস্থালি কাজ করে না দেওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে নির্দয়ভাবে প্রহারের অভিযোগ উঠেছে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধি

অলক বোস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার সরদার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় অসুস্থ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শারমিন স্থানীয় মো. মহিউদ্দিনের মেয়ে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের জন্য শাস্তির বিধান রেখে আইন করা হয়েছে আমাদের দেশে। 

স্থানীয়রা জানান, সরদার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুবাইদা বেগম নিজের ঘরে ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচাসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি কাজ করিয়ে নেন স্কুলের শিক্ষার্থীদের দিয়ে।

পলাক্রমে কয়েকজন দরিদ্র ঘরের শিক্ষার্থীকে দিয়ে এ কাজ করিয়ে আসছেন তিনি। শিক্ষার্থীদের প্রচণ্ড মারধর করেন বলে কেউ এর প্রতিবাদ করে না সাধারণত।

অসুস্থ শারমিনের বরাত দিয়ে তার বাবা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে শারমিনকে বাড়ি ডেকে ঘরে ঝাঁট দিতে এবং বাসন মাজতে বলেন প্রধান শিক্ষকা জুবাইদা।

কিন্তু শারমিন একাজ না করে বাড়িতে চলে যায়।

মহিউদ্দিন বলেন, সোমবার সকালে ক্লাসে গিয়েই শারমিনকে পড়া ধরেন ওই শিক্ষিকা। শারমিন পড়া বলতে না পরায় সঙ্গে সঙ্গে নির্দয়ভাবে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন তিনি।

লাঠিপেটার এক পর্যায়ে শারমিন অসুস্থ হয়ে পড়লে তিনি পেটানো বন্ধ করেন।

বিষয়টি জানাজানি হলে আরও লোকজন নিয়ে তিনি স্কুলে গিয়ে শারমিনকে উদ্ধার করে স্থানীয় একজন পল্লি চিকিৎসককে দেখিয়ে বাড়ি নিয়ে যান।

মহিউদ্দিন মোবাইল ফোনে কথাগুলো বলার সময় বার বার কন্নায় ভেঙ্গে পড়ছিলেন।

এ ব্যাপারে মহিউদ্দিনের ভাগিনা সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি আনার পর শারমিন অসু্স্থ হয়ে পড়ে। তার গায়ে প্রচণ্ড জ্বর আসে এবং এক পর্যায়ে সে বমি শুরু করে।

এরপর তাকে দড়িয়াপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান সাইদুল।

বিষয়টি শারমিনের বাবা লিখিতভাবে শ্রীপুরের ইউএনও, উপজেলা চেযারম্যান ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোরশেদ ছাত্রীকে প্রধান শিক্ষিকার নির্যাতনের ঘটনা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আগেরও এমন অভিযোগ রয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান জানান, তিনি স্কুলছাত্রী নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছেন। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষিকাকে তার কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিক্ষিকা জুবাইদা বেগম বলেন, বাড়িতে কাজ না করা জন্য নয়, স্কুলে পড়া না পারার জন্য তাকে সামান্য মারধর করা হয়েছে।