২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা বিস্ফোরণে তরুণ আহত

ঝিনাইদহ শহরে রাস্তার পাশে পড়ে থাকা হাতবোমার বিস্ফোরণে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে শহরের কাঞ্চননগর পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত রাহাদুজ্জামান ইভান (১৭) কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে কাঞ্চননগর পাড়ার নবাব বিশ্বাসের ছেলে।

ইভানের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ইভান কাঞ্চননগর পাড়ার একটি কাঠ গোলার সামনে রাস্তার পাশে একটি ইটের মতো বস্তু দেখে কৌতুহলবশত লাথি মারে। এ সময় বস্তুটি বিস্ফোরিত হয়ে তার পায়ের নিচের অংশে জখম হয়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

ইটের মতো বস্তুটি একটি হাতবোমা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি আজাদ।

প্রাথমিক চিকিৎসা দিয়ে ইভানকে থানায় নিয়ে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি।