২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ জনের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৬ জনের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এদের সনদ বাতিল করে আদেশ জারি করেছে|

ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সামাদ, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম-প্রধান শামীমা আখতার ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডিইও মো. এনামুল হকের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন অগ্রণী ব্যাংকের নওগাঁর বোয়ালিয়া শাখার এফএএলডিএ মো. খালেদুর রহমান, ভৈরবের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন এবং বান্দরবান জেলা সমাজসেবা অফিসারের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদ আহমেদ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস, জনতা ব্যাংকের সাপোর্ট স্টাফ মো. হাসমতুল্যা, নারায়ণগঞ্জ সওজের সড়ক উপবিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী দিলীপ কুমার দাস ও সাধারণ প্রশাসন শাখার সহকারী মো. এনামুল হক খানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এমএলএসএস মো. আবদুল হান্নান শেখ, পাউবোর শাহাবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন, বাপাউবো সার্কেল-৩ এর নির্বাহী প্রকৌশলী (নকশা) এ কে এম নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়ার মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।

অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিডিসি) মো. ফজলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিন ও সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইফতেখার উদ্দিনের মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী, যশোরের চৌগাছার ইন্দ্রপুরের মো. মজহারুল হক, ব্রাহ্মণবাড়ীয়া কসবার সৈয়দাবাদের মো. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর কালঘড়ার মো. কাঞ্চন মিয়া, মানিকগঞ্জ সিঙ্গাইর চর আটিপাড়ার মো. শাহজাহান আলম আবদুর রহমানেরও সনদ বাতিল করা হয়েছে।

নওগাঁর মো. নুরুল ইসলাম, কুড়িগ্রাম উলিপুরের খামারের মো. সাইফুর ইসলাম, ঝিনাইদহের শৈলকুপার জালশুকা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ. বারী খান, নেত্রকোনার পূর্বধলা দেবহাটা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ আলীও মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হয়েছে।