অস্থিরতা বন্ধে চট্টগ্রামেও রাজপথে ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে অর্থনীতি রক্ষায় কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের নেতারা।
রোববার দুপুরে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা।
বিএনপি জোটের টানা অবরোধের ৩৩তম দিন বেলা ১২টা থেকে দেশের প্রতিটি জেলায় ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সামনে ১৫ মিনিটের এই কর্মসূচি হয়।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) কার্যালয়ের সামনে পতাকা হতে এই মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম কর্মসূচিতে বলেন, যদি এ রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে তাহলে আগামী সপ্তাহেই আমরা অর্থনীতি বাঁচাতে কঠোর কর্মসূচির ঘোষণা দেব।
“আমরা সুস্থ রাজনীতি চাই। আর রাজনীতি সুস্থ থাকলে দেশের অর্থনীতিও সু্স্থ থাকবে। সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করা কখনো সুস্থ রাজনীতি হতে পারে না। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।”
সহিংসতা বন্ধ ও দেশের অর্থনীতি রক্ষার বিভিন্ন আবেদন সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইর পরিচালক এম এ সালাম বলেন, যেভাবে সহিংসতা চলছে তাতে দেশ ধ্বংস হয়ে যাবে।
“দেশই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনারা রাজনীতি করবেন কি নিয়ে? আগে দেশ বাচাঁন। তাহলে আপনারা রাজনীতি করতে পারবেন।”
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি জামাল আহমেদ, বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবর ও বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দত্ত।
বিজিএমইএ, বিকেএমইএ, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানায় চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী সংগঠন।
