ফাঁসি দ্রুত কার্যকর চায় জুবায়েরের পরিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তার পরিবার।
রোববার এ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জুবায়েরের বড় ভাই আবদুল্লাহ আল মামুন এ দাবি জানান।
সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে আশিকুল ইসলাম আশিক ও খান মোহাম্মদ রইস পালিয়ে গিয়ে এখন বিদেশে অবস্থান করছেন।
২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি মামলার শুনানি চলাকালে মাহবুব আকরাম ও ইশতিয়াক মেহবুব অরূপের সঙ্গে কাঠগড়া থেকে পালিয়ে যান আশিক ও রইস।
মাহবুবের মৃত্যুদণ্ড হলেও অরূপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
“পলাতক রইস বর্তমানে ডেনমার্কে এবং আশিক মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি,” বলেন মামুন।
এছাড়া পলাতক দণ্ডিতদের মধ্যে কয়েকজনকে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ‘র্যাগ ডে’র অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে বলে জানান তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় জুবায়েরের সহপাঠী ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সৌমিত জয়দ্বীপ বলেন, “এখন দ্রুততম সময়ে যেন রায় কার্যকর হয় সেই অপেক্ষা। ধারণা করি, নিম্ন আদালতের রায়ের পরও আমাদের এখনও দীর্ঘ পথ হাঁটতে হবে। অতএব আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।”
জুবায়েরের আরেক সহপাঠী জুনানজিনা আহমেদ তৃণা বলেন, “রায় ঘোষণা হওয়া নিয়ে সংশয় ছিল, কিন্তু রায় পাওয়াটা সন্তোষজনক। একইসঙ্গে যে সিস্টেমের কারণে জুবায়েরকে খুন হতে হতে হল এবং কাউকে হতে হল খুনি, সেই সিস্টেমের পরিবর্তন হওয়া জরুরি।”
জুবায়ের হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তৎকালীন আহ্বায়ক মৈত্রী বর্মণ বলেন, “এটা আমাদের ছাত্র আন্দোলনের বিজয়। এখন রায় দ্রুত বাস্তবায়ন চাই। একই সঙ্গে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যে প্রক্রিয়ার কারণে বারবার সংগঠিত হয়, সেই প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার।”
রায়কে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, “আদালতের এই রায়ে প্রতিবাদী ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এখন আইনি প্রক্রিয়ার সম্পন্ন করার মাধ্যমে দোষীদের সাজা দ্রুত বাস্তবায়ন করা হোক।”
রায়ের প্রতিক্রিয়ায় ‘শিক্ষক মঞ্চের’ মুখপাত্র দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, “যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে হত্যাকাণ্ডের বিচারই হয় না, সেখানে এই রায় অবশ্যই স্বস্তিদায়ক। পাশাপাশি যে বাস্তবতার কারণে এরকম হত্যাকাণ্ড ঘটে সে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যা উদ্বেগজনক।”
রায়ে ‘ন্যায়বিচার’ হয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, “আশা করি, আপিল বিভাগেও নিম্ন আদালতের এই আদেশ বহাল থাকবে। তাহলে আর কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর সাহস পাবে না।”
রায়ের খবর প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক মিছিল করে শিক্ষার্থীরা।
২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের হামলায় নিহত হন অপর পক্ষের কর্মী জুবায়ের আহমেদ। সে সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় বুধবার রায় ঘোষণা করে ঢাকার একটি আদালত।
হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যারা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মী।
মামলার আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র নাজমুল হাসান প্লাবন ও ইতিহাসের মাহমুদুল হাসানকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সবাই পলাতক আছেন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে কারাগারে আছেন পাঁচজন।
এরা হলেন- কামরুজ্জামান সোহাগ, মাজহারুল ইসলাম,শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ড ওরফে অভি ও নাজমুস সাকিব তপু।
রইস ও আশিক ছাড়া পলাতক অপর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্র জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র মাহবুব আকরাম।
যাবজ্জীবন দণ্ডিতদের মধ্যে পালিয়ে আছেন দর্শন বিভাগের ইশতিয়াক মেহবুব অরূপ।
এদিকে রায়ে অসন্তোষ জানিয়ে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন দণ্ডিতদের আইনজীবীরা।
দুজনকে খালাসের কারণ
রায়ে বলা হয়েছে, মামলার বিচারে উঠে এসেছে যে, প্লাবন ঘটনার সময় সেখানে থাকলেও মারধর থেকে জুবায়েরকে বাঁচাতে তিনি অনেক চেষ্টা করেছিলেন।
“সে মোবাইল ফোনে মাহমদুল হাসান মাসুদকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে যেন জুবায়েরকে পিটুনির হাত থেকে রক্ষা করা যায়।”
