২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালোয় ভালোয়’ কাটল দ্বিতীয় দিনের পরীক্ষাও

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষাও নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 01:58 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবদ-দ্বীন বলেন, “দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষাও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”

শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল, মুসলিম উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বলে জানান তিনি।

“মন্ত্রী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন, সন্তোষজনক পরিবেশেই পরীক্ষা হচ্ছে। সারাদেশের পরীক্ষাও নির্বিঘ্নে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।”

হরতালে এসএসসির দ্বিতীয় দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারির যে পরীক্ষা পিছিয়ে যায় শনিবার সেগুলো অনুষ্ঠিত হয়েছে।

এদিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে ইংরেজি-২ (১৯২২) এবং বিকালে ইংরেজি-২ (৮১২২) বিষয়ের পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষায় এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

কুতুবদ-দ্বীন বলেন, পরীক্ষার সময় হরতাল না দিতে ২০ দলীয় জোটের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের মধ্যে ‘মানবিক মূল্যবোধ জাগ্রত’ হওয়ার আশাবাদ জানিয়ে নাহিদ বলেন, “হরতাল নিয়ে পরীক্ষার্থীদের আর অসুবিধা সৃষ্টি করবেন না।”

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শঙ্কা, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে হরতালে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই শুক্রবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

হরতালের কারণে প্রথম দুই দিনের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির দুই দিন পরপর পরীক্ষায় বসতে হলো শিক্ষার্থীদের।

গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী বিএনপির লাগাতার অবরোধের ফাঁকে ফাঁকেই হরতাল থাকছে। শিক্ষা মন্ত্রণালয় অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, হরতালের দিন নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা নেওয়া হবে না।